২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরায় মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 01:30 PM

Updated : 24 Mar 2023, 01:30 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্য ঘের থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্যামনগর থানার এসআই সেলিম হোসেন।

নিহত ৪০ বছরের বিল্লাল হোসেন ওই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, ঘেরের কর্মচারীরা সকালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে সবাইকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এসআই সেলিম হোসেন বলেন, “মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।”

নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তার স্বামী। সকালে লোক মুখে শুনতে পান তার স্বামীর লাশ মজিদ গাজীর ঘেরে পড়ে আছে।

তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানান এই নারী।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, “মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।”