২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে মিলল গলিত লাশ

পুলিশ জানায়, মরদেহে পচন ধরায় এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে মিলল গলিত লাশ

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2023, 11:48 PM

Updated : 23 Feb 2023, 11:48 PM

গাজীপুরের শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান। 

নিহত উজ্জ্বল ময়মনসিংহের পাগলা থানাধীন লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। 

তিনি শ্রীপুরের ওই বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। 

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানায়।

বাড়ির মালিক নঈমুল ইসলাম সজিব জানান, তার বাড়ির একটি কক্ষে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন উজ্জ্বল। 

“বৃহস্পতিবার বিকালে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানায়। পরে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।” 

এসআই আমজাদ হোসেন জানান, মোবাইলের কল লিস্টে দেখা যায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একটি নম্বরে সবশেষ ১৭ সেকেন্ড কথা বলেন উজ্জ্বল। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। তবে মরদেহে পচন ধরায় এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।