২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রান্নাঘরের আগুন ছড়াল বাড়িতে, ঘুমন্ত দুই বোনের মৃত্যু

আগুনে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।  

কুষ্টিয়ায় রান্নাঘরের আগুন ছড়াল বাড়িতে, ঘুমন্ত দুই বোনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে মারা গেছে দুই বোন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 08:52 PM

Updated : 19 Apr 2023, 08:52 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান।   

নিহত দুই শিশু হলো- গ্রামের দুখু মিয়ার মেয়ে সোনিয়া (৮) ও শর্মিলা (২)। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুখু মিয়ার স্ত্রী রান্না করছিলেন। এ সময় হঠাৎ করেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা বাড়ির সব ঘরে লেগে যায়। 

এ সময় সোনিয়া ও শর্মিলা শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশু দুটিকে বের করতে পারেনি পরিবারের সদস্যরা। তারা ঘরের মধ্যে পুড়ে যায়। দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ছাই থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের সহকারী পরিচালক জানে আলম জানান, সংবাদ পেয়ে ভেড়ামারা ও মিরপুর উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। 

“খানাখন্দের রাস্তা এবং দূরত্ব অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লেগে যায়। ফলে শিশু দুটিকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।” 

তিনি আরও বলেন, “দৌলতপুর স্বাভাবিকের তুলনায় অগ্নিকাণ্ড উপদ্রুত অঞ্চল। অথচ ওই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে বাইরে থেকে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য।” 

দৌলতপুর থানার ওসি মজিবুর বলেন, আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।