২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ‘আরসার’ শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেপ্তার ৫

র‌্যাব বলছে, আকিজের বিরুদ্ধে ২১টির বেশি মামলা রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 11:09 AM

Updated : 26 Aug 2026, 09:45 AM

কক্সবাজারে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।  

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার গভীররাতে উপজেলার রোহিঙ্গা ৪ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব বলছে, গ্রেপ্তার মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। 

এছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম বলেন, “মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ৪ নম্বর ক্যাম্পে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় আরসা সন্ত্রাসীরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। 

“আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ৮-১০ জন সন্দেহজনক ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।” 

তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খবরও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা। 

সোমবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন আবু সালাম চৌধুরী।