২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মহানগর জামায়াতের আমির ও বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

বরিশাল মহানগর ও জেলা পুলিশ জানিয়েছে, গত চার দিনে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি-জামায়াতের ১১০ জন গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 08:15 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান।

বরিশাল মহানগর ও জেলা পুলিশ জানিয়েছে, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মহানগরীর চার থানায় ছয়টি ও জেলার তিন থানায় তিনটি মামলা হয়েছে। 

মোট নয় মামলায় গত চার দিনে মহানগর ও জেলার ১০ উপজেলায় বিএনপি-জামায়াতের ১১০ জন গ্রেপ্তার হয়েছেন। 

বরিশাল মহানগর কোতোয়ালি থানার ওসি আরিচুল আরও জানান, নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ট্র্যাফিক পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুরের মামলার আসামি হিসেবে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া আওয়ামী লীগ নেতারা ও পুলিশের করা মামলার আসামি হিসেবে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

কোতোয়ালি থানার জিআরও এনামুল হক জানিয়েছেন, নাশকতার মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে জিয়া উদ্দিন সিকদার পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। 

গ্রেপ্তার অন্য তিন আসামি হলেন- নগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. তসলিম, কামাল সিকদার, ফেরদৌস আহমেদ ও মিরাজ উদ্দিন। 

এয়ারপোর্ট থানার জিআরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। 

তারা হলেন- নিজামুল হাসান সুমন, শহীদ সরদার, জামাল শরীফ ও মো. সবুজ। 

বন্দর থানার জিআরও হারুন জানান, তার থানা এলাকা থেকে বিএনপি সমর্থক হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বরিশাল জেলা আদালতের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, বানারীপাড়া থানা এলাকা থেকে বিএনপি কর্মী মো. শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।