২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি ও গাছপালা

পাঁচ থেকে ছয় মিনিটের ঝড়ে গাছের ডাল ভেঙে অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

ফরিদপুরে ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি ও গাছপালা
ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাঁচ মিনিটের ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছের ডাল ভেঙে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার অন্তত আট গ্রামে আঘাত হানা এ ঝড়ে বেশকিছু বৈদ্যুতিক খুঁটি উপড়ে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১০টা থেকে হালকা দমকা হাওয়া বইতে শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে আসা কালবৈশাখীর ঝড় উপজেলা সদর ইউনিয়নের ধলেরচর, শুকুরহাটা, ব্রাম্মনজাটিগ্রাম, বিদ্যাধর ও পৌর সভার কুসুমদি, মিঠাপুর, শ্রীরামপুর ও বাকাইল এলাকায় আঘাত হানে।

মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ঝড়ে ধলেরচর, ব্রাম্মণজাটিগ্রাম ও পৌর এলাকার চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। এ ছাড়া ঝড়ে বেশকিছু ঘরের চাল উড়ে গেছে এবং মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলফাডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, “হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।”

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) সজিব পাল বলেন, কালবৈশাখী ঝড়ে তিনটি জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া বৈদ্যুতিক লাইনের ওপর গাছপালা পড়ে যাওয়ায় অনেক জায়গায় তার ছিড়ে গেছে।

বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে; দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানান তিনি। 

ইউএনও রাসেল ইকবাল বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এ ছাড়া ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।