ভোলায় ৫০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার
বুধবার ঢালচর অথবা চর কুকরি মুকরি এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করা হবে বলে জানায় বন বিভাগ।
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর তীর থেকে ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে; যেটি পাচারের উদ্দেশে ধরা হয়েছিল বলে দাবি বন বিভাগের।
সোমবার মধ্য রাতে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন নদীর তীর থেকে বাদামি রংয়ের প্রাণীটি উদ্ধার করা হয় বলে জানান ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।
বন বিভাগের ধারণা, কচ্ছপটি জেলেদের জালে ধরা পড়ে। পরে একটি চক্র কচ্ছপটিকে পাচার করার চেষ্টা করে। কচ্ছপটি বস্তায় ভরে কোনো একটি বাহনে করে নিয়ে যাওয়ার সময় অবস্থায় এটি সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা রাস্তায় এটি পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেয়।
মঙ্গলবার দুপুরে বন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের লোকজন রাত আড়াইটার দিকে নদীর তীর থেকে ৫০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে।
তিনি বলেন, বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে আছে। কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
বুধবার সুবিধাজনক সময়ে ঢালচর অথবা চর কুকরি মুকরি এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।
