নিখোঁজের ১১ দিন পর মিলল ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ
কুষ্টিয়ায় চালককে হত্যার পর দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাই করেছে বলে ধারণা পুলিশের।
কুষ্টিয়া সদর উপজেলা থেকে ইজিবাইকসহ নিখোঁজের ১১ দিন পর এক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কের রোজ ভ্যালি পার্ক সংলগ্ন খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা।
নিহত শাহিনুল হক লিটন (৪৭) শহরের হাউজিং এলাকার প্রয়াত ইজাবুল হকের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গত ১৮ মে নিখোঁজের পরদিন লিটনের স্ত্রী মোছা. মনিরা হক তার স্বামীর সন্ধান চেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৪টায় লিটন তার ইজিবাইক নিয়ে বের হয়ে আর রাতে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তাকে না পেয়ে ১৯ মে থানায় অভিযোগ করে।
তাকে না পেয়ে সবশেষ ২৫ মে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক সোহেল রানা।
নিখোঁজের ১১ দিন পর মঙ্গলবার সকালে স্থানীয়রা সড়কের পাশে খালে লিটনের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মিরপুর ও ইবি থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, “লিটনকে হত্যার পর দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
