২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাচারকারীর’ ফেলে যাওয়া ব্যাগে মিলল ‘৫ কোটির’ ক্রিস্টাল মেথ

“বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগ ফেলে মিয়ানমার দিকে পালিয়ে যায়।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 12:44 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর চৌধুরী পাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “নাফ নদী সীমান্তের চৌধুরী পাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক এক ব্যক্তিকে ছোট একটি ব্যাগসহ চৌধুরী পাড়া স্লুইচ গেইটের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাকে থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগটি নদীর কিনারায় ফেলে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি খুলে ৫ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।”

উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি সাড়ে ৬২ লাখ টাকা বলে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন জানিয়েছেন।

তিনি বলেন, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।