ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের: আহসান হাবিব
বরগুনার শিল্পকলা একাডেমীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে প্রার্থীরাই ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। যাতে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে চলে যেতে পারে।
“নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে ভোট দিতে আসতে এলাকায় মাইকিং করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলবে। ভোটাররা কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরবে এটাই আমাদের প্রত্যাশা।”
রোববার দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে অনেক জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বিরাজ করছে। কোপাকুপি-মারামারি হচ্ছে, উৎসব বিরাজ করছে না। কিন্তু কেন? এ সমস্যা কার? সমস্যাটা হচ্ছে পথভ্রষ্ট কর্মীদের। কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচনে অনেকে তাদের প্রার্থিতা হারাচ্ছেন।”
বরগুনা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
এতে বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
