২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ৬০ জন হাসপাতালে ভর্তি

রংপুরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঈদের সময় ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন।

রংপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ৬০ জন হাসপাতালে ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 09:20 PM

Updated : 24 Jul 2023, 09:20 PM

রংপুর বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ৯, দিনাজপুরে ২৩, গাইবান্ধায় ৫, ঠাকুরগাঁওয়ে ৬ এবং রংপুরে ১০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ জানান।

এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) বিভাগে আরও ৪৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

ডা. আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

“এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে একজন মারা গেছেন। আর যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে ঈদের সময় গ্রামে ফিরেছিলেন।“

তিনি আরও বলেন, বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ৩১ জন, দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে চিকিৎসাধীনসহ ২৮, নীলফামারীতে ১৯, লালমনিরহাটে ৭, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ১১, ঠাকুরগাঁওয়ে ৯ এবং পঞ্চগড় সদর হাসপাতালে একজনসহ পুরো বিভাগে ১১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে ভর্তি রোগীদের যথাসাধ্য চিকিৎসা প্রদান করা হচ্ছে। কিছুদিন আগে একজন মারা গেছেন।

“ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার জন্য চেষ্টা করছি। পর্যাপ্ত জায়গা না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের ইউনিট এবং বেডের সংকট রয়েছে।“

চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করার কথা জানান তিনি।

এদিকে মহানগরীতে মশক নিধনের বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগরকে তিনটি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হচ্ছে। এছাড়া মানুষকে সচেতন করতে প্রচারণা চলছে।

অনেককেই সতর্ক করে নোটিশও দেওয়া হচ্ছে; এরপরও যারা সতর্ক হবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।