২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ‘হোতা’ গ্রেপ্তার

এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 08:10 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

কুমিল্লা নগরীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল। 

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোররাতে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার আবু হানিফ ওরফে অপুকে সংঘর্ষের ঘটনার ‘হোতা’ বলেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে, কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। ২৫ জুন দুপুরে দুপক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। 

এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আলোচিত এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।  

এর আগে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম বলেন, আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

কুমিল্লায় গুলিবিদ্ধ সেই শিশু ঢাকা মেডিকেলে, এখনো বের হয়নি গুলি

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: আরও ৩ জন গ্রেপ্তার

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ