Published : 25 Jun 2026, 05:43 PM
কুমিল্লা নগরীতে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিশু গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরের কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গুলিবিদ্ধ ইথান আহমেদ নগরের রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতের ঘটনার জেরে এদিন সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে দুপুরে অস্ত্র হাতে একদল লোক মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়।
এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইথানের মা সোনিয়া আক্তার সাংবাদিকদের বলেন, “আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল। এর মধ্যেই পিঠে গুলি লাগে। কুমিল্লা মেডিকেলে রাখে নাই, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।”
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
“আর যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে, সে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিল বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”