২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ দম্পতি দগ্ধ

আশিষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ, তার স্ত্রী টুম্পার ৪০ থেকে ৫০ শতাংশ ও তাদের ছেলে ঋকের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ দম্পতি দগ্ধ

ফেনীতে বিস্ফোরণের পর আগুনে ঘরের বেশিরভাগ আসবাবপত্র পুড়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 10:02 AM

Updated : 27 Dec 2023, 10:02 AM

ফেনীতে এক বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ৯ বছর বয়সী ছেলেসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের স্টারলাইন পরিবহনের কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।

আহতরা হলেন- ওষুধ কোম্পানি এরিস্ট্রো ফার্মার ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) এবং তাদের ছেলে ঋক (৯)।

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে আশিষ পরিবার নিয়ে ওই ভবনে ভাড়া থাকতেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, ইতালি ভবন-২ এর পাঁচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, “বিদ্যুতের ফেইজের কানেকশান ত্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি প্রায় তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এরিস্ট্রো ফার্মা ফেনী ডিপোর ইনচার্জ রহুল আমিন বলেন, “আমার বাসার পাশেই আশিষের বাসা। রাতে ডিপোর কাজ শেষ করে আশিষসহ একসঙ্গে বাসায় ফিরেছি। হঠাৎ ওই ভবন থেকে বিকট আওয়াজ শুনে বাসার বাইরে এসে দেখি তারা তিনজন দগ্ধ হয়ে নিচে নেমে এসেছে। “

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবির বলেন, “বিস্ফোরণে তিনজনই অনেক বেশি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গৃহকর্তা আশিষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ, তার স্ত্রী টুম্পার ৪০ থেকে ৫০ শতাংশ ও তাদের ছেলে ঋকের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

“অগ্নিদগ্ধ আষিশের অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ঘরের বেশিরভাগ আসবাবপত্র পুড়ে গেছে।