২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গাড়িচাপায় বাইক আরোহী ২ যুবকের মৃত্যু

মধ্যরাতে চট্টগ্রামমুখী দ্রুতগতির অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 05:47 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মাতামুহুরী সেতুর উপর এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে মো. আব্দুল্লাহ (২০) এবং একই এলাকার মো. জিয়া উদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।

স্থানীয়দের বরাতে মাহবুবুল হক বলেন, রাত ১২টার দিকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী আহত হয়।

এ সময় সড়কে চলাচলকারী অন্য গাড়ির যাত্রী ও পথচারীরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওই দুই যুবককে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।