২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে নিহত একজন, দেখতে গিয়ে আহত আরেকজন

আফিফ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দেখতে গেলে পা পিছলে নিচে পড়ে যান, বলছে প্রত্যক্ষদর্শীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 12:32 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির প্রাণ গেছে। ওই দুর্ঘটনা দেখতে গিয়ে হাত ভেঙে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আরেক যুবককে।

সোমবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মো. সিদ্দিকুর রহমান জানান।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আফিফকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন। এ সময় এক যুবক তাতে কাটা পড়েন। এ সময় একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর আফিফ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে তা দেখতে যান। এ সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। তার এক হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। 

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ট্রেন চলাচলের সময় নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।