নোয়াখালীতে বিআরটিসি ডিপোর ভেতরে বাসে আগুন
“দুটি বাসের ওপরের অংশ আগুনে পুড়ে যায়। অন্য একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।”
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে বলে সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানিয়েছেন।
তিনি বলেন, “ডিপোতে ২১টি বাস ছিল। ভোর রাতের দিকে কে বা কারা দুটি বাসে আগুন দিয়ে চলে যায়।
“এতে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসের ওপরের অংশ আগুনে পুড়ে যায়। অন্য একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।”
মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান বিআরটিসি ডিপোর ম্যানেজার।
এ প্রসঙ্গে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুর্হূতে কিছু বলা যাচ্ছেনা।”
