নেত্রকোণায় শিশু ও অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
খালিয়াজুরী উপজেলায় অজ্ঞাত এক শিশু ও দুর্গাপুর থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণায় পৃথক স্থান থেকে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার খালিয়াজুরী উপজেলায় এক শিশু ও দুর্গাপুর উপজেলায় এক অটোরিকশা চালকের মরদেহ পাওয়া গেছে।
খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার জানান, সকাল ৭টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় হাওরে অজ্ঞাত পরিচয়ে চার বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
অপরদিকে দুর্গাপুর থানার এসআই মো. সাদেক মিয়া বলেন, সকাল ১০টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামের একটি সেতুর নিচে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত ৪০ বছর বয়সী এরশাদুল হক ওই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান এসআই সাদেক মিয়া।
