Published : 10 Apr 2026, 10:40 AM
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছে আরও ২০ শিশু ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। হামের উপসর্গ ছাড়াও সে আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে শুক্রবার সকালে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি বলেন, তিন বছর বয়সী আব্দুল্লাহকে হামের উপসর্গ নিয়ে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি নগরের জামতলা মোড় এলাকার মো. রনি ও আরিফা আক্তার দম্পতির ছেলে।
মুহাম্মদ মাইনউদ্দিন আরও বলেন, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ১০ শিশুর। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭২ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.গোলাম মাওলা জানান, অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। সচেতনতার সঙ্গে হাম সংক্রমণ রোধে সবাইকে কাজ করতে হবে।