২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫

ডান পাশের চাকা ফেটে গেলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের মুখে পড়ে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2023, 08:06 PM

Updated : 18 Mar 2023, 12:22 AM

পিরোজপুর সদরে বাসের সঙ্গে সংঘর্ষে একটি নসিমনের পাঁচ আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চার আরোহী।

ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানিয়েছেন।

নিহত হয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২), বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ডের মো. বাদশা (১৭), শাহিন মোল্লা (২০) ও সাব্বির হোসেন (২১)।

সিরাজুল ইসলাম শিমলু নামের একজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ‘ক্যাটারিং সার্ভিসের’ কাজ করার জন্য তারা ১৮ জন নসিমনে করে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিলেন।

তিনি জানান, তাদের নসিমন শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের মুখে পড়ে।

“এতে করে ঘটনাস্থলে দুই জন মারা যান এবং পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

“এছাড়া আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হলে সেখানে শাহিন মোল্লা ও সাব্বির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।” 

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার টমটম ও বাস আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।