Published : 04 Jul 2025, 03:28 PM
গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দুজন হয়েছে। দুরর্ঘটনায় উল্টে পড়া ট্রাকের নীচ থেকে উদ্ধার করা হয়েছে আরেক ট্রাক চালকের মরদেহ।
শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
দুর্ঘটনার পর এক ট্রাক চালকের সহকারী নিহত ও চালক আহত হয়েছে বলে জানিয়েছিল পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাস্থলে বিকল হওয়া দুইটি ট্রাক ছিল। এর মধ্যে একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছিল। ধারণা করা হয়েছিল অপর ট্রাকের চালক পালিয়ে গেছেন বা অন্য কোথাও আছেন।
“কিন্তু সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে সেই ট্রাকের ড্রাইভারের লাশ উদ্ধার করে পুলিশ।”
নিহত চালকের নাম এরফান ফকির (৪০)। তিনি খুলনার দামুদর গ্রামের ইকরামুল ফকিরের ছেলে।
এ ঘটনায় নিহত অপরজন গোপালগঞ্জগামী ট্রাকের চালকের সহকারী ইয়াসিন মোল্লা (১৮)। তিনি গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে।
হাইওয়ে থানার এসআই রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ফল ও পেয়ারা নিয়ে একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে। সেখানে খুলনাগামী আরেকটি ট্রাকও বিকল হয়।
পরে গোপালগঞ্জগামী ট্রাকের চালক, তার সহকারী ইয়াসিন ও অন্য অচল ট্রাকের ড্রাইভার এরফান ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন।
হঠাৎ করে দ্রুতগামী একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায়। এতে গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
পরে সকালে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর সময় তার নিচে পাওয়া যায় এরফান ফকিরের লাশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, আহত গোপালগঞ্জগামী ট্রাকের চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগের সংবাদ