গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু, চালক আহত
যশোরের কেশবপুর থেকে ড্রাগন ফল ও পেয়ারা নিয়ে আসা ট্রাকটি গোপালগঞ্জ সদরের ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে।
গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ট্রাক চালকের সহকারী নিহত ও চালক আহত হয়েছেন।
শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
নিহত ইয়াসিন মোল্লা (১৮) গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে।
ওসি বলেন, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ফল ও পেয়ারা নিয়ে ফেরার পথে ট্রাকটি গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে।
পরে ইয়াসিন ও ট্রাক চালক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ করে দ্রুতগামী একটি বাস এসে ট্রাকের পিছনে ধাক্কা দিলে তারা দুজন চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
