২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা সড়ক উদ্ধার

কুড়িগ্রামে রাজারহাটে রাস্তার জায়গা উদ্ধারের পর লাল নিশানা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

এক যুগ পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা সড়ক উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাটে ৭০০ মিটার এলাকায় লাল নিশানা টাঙিয়ে দখলমুক্ত করেছে প্রশাসন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 07:10 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রায় ১২ বছর ধরে আওয়ামী লীগের এক নেতার দখলে থাকা সড়ক উদ্ধার করেছে প্রশাসন। 

রোববার বিকালে ওই নেতার দখলে থাকা ফসলি জমির মাঝ দিয়ে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক।

এতে উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংরারহাট এলাকার প্রায় চার হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথটি উন্মুক্ত হল। তবে স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে ডাংরারহাট এলাকার সরকারি রেকর্ডভুক্ত ৭০০ মিটার দৈর্ঘ্যের গ্রামীণ একটি সড়ক ১২ বছর ধরে কেটে কেটে ফসলি জমিতে পরিণত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রতিবাদ করতে গেলে তাদের রোষানলে পড়তে হত। এক পর্যায়ে সড়কটি ক্ষেতের আলে পরিণত হয়।

পরে ফসলি জমির মাঠ দিয়ে চলাচল শুরু করেন এলাকাবাসী। এ পথ দিয়ে গর্ভবতী নারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কোনো রকম যাতায়াত করলেও বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হত তাদের।

ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টার এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক সভাপতির ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পেত না। তারা বছরের পর বছর সড়কটি কেটে ফসলি জমিতে পরিণত করেন।

ক্ষমতার পালাবদলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কটি অবমুক্ত করায় খুশি ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দা মাহফুজার রহমান বলেন, “১২ বছর দখলে রাখা গ্রামীণ সড়কটি লাল নিশানা টাঙিয়ে উদ্ধার করেছে প্রশাসন। আমরা খুব খুশি হয়েছি। এখন রাস্তাটিতে দ্রুত মাটি ফেলে সংস্কার করা হোক। এই রাস্তার জন্য যে কী কষ্টে ছিলাম, তা বলার ভাষা নেই।”

রহিমা বেগম বলেন, “রাস্তা না থাকায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজ যাইতে পারত না। এখন রাস্তা উদ্ধার হইছে খুব খুশি আমরা। সরকার যেন রাস্তায় মাটি কেটে উঁচু করে দেয়, আমাদের আর কিছু চাওয়ার নাই।”

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মোবাইল নম্বরে একাধিক বার ফোন করা হলেও তিনি তা ধরেননি। 

সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরকারি রেকর্ডভুক্ত সড়কটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।