Published : 14 Apr 2026, 08:02 AM
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৬ জন।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন ট্রাকের নিচে চাপা পড়ে। তাতে ৭ জন নিহত হয় এবং ৬ জন আহত হয়।

ওসি ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।