লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে নারীর লাশ, ‘পায়ে লেখা ৪ নাম’
ওই গৃহবধূ আট দিন আগে সন্তান জন্ম দিয়েছিলেন।
লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যার বাঁ পায়ে কলম দিয়ে শ্বশুর, দেবর, ননদসহ চারজনের নাম লেখা ছিল।
বুধবার দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম জানান।
নিহত কুলছুমা আক্তার কল্পনা (৩০) ওই গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী।
কল্পনার ভাই আলমগীর হোসেন অভিযোগ করেন, শ্বাসরোধ করে তার বোনকে হত্যা করা হয়েছে। লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি ভাই আলমগীরের।
তিনি বলেন, আট দিন আগে তার বোন অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তাদের বাড়ি থেকে লোকজন নবজাতককে দেখতে যায়। সঙ্গে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয়। সেসব কম হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তার বোন কল্পনাকে বিভিন্ন কথা শোনায়। এছাড়া সিজারের খরচ নিয়েও কথা ওঠে।
লাশ উদ্ধারের পর থেকে কল্পনার দেবর রাশেদ পলাতক রয়েছেন।
সিজারের খরচ নিয়ে কথা কাটাকাটি হওয়ার বিষয়টি স্বীকার করে নিহতের শ্বশুর খোরশেদ বলেন, “তবে কেউ তাকে মারধর করেনি।”
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
