২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কৃষক যত ধান দেবে, ততই কিনবে সরকার: প্রতিমন্ত্রী

নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 08:08 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

কৃষক যত ধান দিতে পারবে ততটুকুই সরকারের কেনার কথা বলেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেছেন, “আমরা প্রাথমিকভাবে যে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিযেছি, তার চেয়েও বেশি ধান-চাল কেনা হবে। কৃষক যাতে প্রকৃত দাম পায় সেটাই আমাদের লক্ষ্য। 

“হাওরের বেশ কয়েকটি জেলায় বন্যা হওয়ায় চাল কেনার তারিখ এগিয়ে আনা হয়েছে। কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করার জন্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রোববার বিকালে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম। 

প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা যেন প্রত্যেক কেন্দ্রে ধান নিয়ে যান। কোথাও কোনো সমস্যা হলে নিয়ন্ত্রণ কক্ষে জানানোর অনুরোধ করেন তিনি। 

তিনি বলেন, বোরো সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট থাকবে না। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার সব পদক্ষেপ নিয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান বলেন, নেত্রকোণায় ২০ হাজার ৪১৫ টন ধান কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। চাল কেনার বরাদ্দ এখনও পাওয়া যায়নি।

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়।

সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত চলবে।