কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি বন্ধ
রাত সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও এর আধা ঘণ্টা আগে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, “রাত সাড়ে ১১টায় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দৌলতদিয়া থেকে কোনো যান পাটুরিয়া ঘাটে যেতে পারছিল না। এ কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”
সালাহউদ্দিন বলেন, “পারের জন্য ঘাট এলাকায় যেসব যানবাহন আটকা পড়েছে সেগুলোকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যেতে বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।”
এর আগে সাড়ে ১০ টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানান বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা রয়েছে। কুয়াশা কমে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
