বিএনপির কথায় কূটনীতিকরা প্রভাবিত হবেন না, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি ‘নালিশ পার্টি’, তারা অযথা লবিং করে বেড়াচ্ছে; যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আব্দুল মোমেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কথায় কূটনীতিকরা প্রভাবিত হবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, “বিএনপি এখন নালিশ পার্টি, তারা অযথা লবিং করে বেড়াচ্ছে; এগুলো ঠিক নয়। বাস্তব অবস্থা সবাই জানে, কাজেই ব্যক্তি বিশেষে কারো প্রোপাগাণ্ডায় কিছু হবে না। দূতাবাসগুলো তাদের কথায় প্রভাবিত হবে না।”
সোমবার বিকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বিশ্বাসী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে, রিজার্ভ বাড়ছে। আর উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতার ধারাবাহিকতা।
“তাই দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।”
গত ১৫ বছরে সিলেটে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে জানিয়ে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ বলেন, আগামীতেও এ সরকার নির্বাচিত হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ফজলে এলাহী মো. ফয়সালের সহযোগিতায় প্রস্তুত করা সিলেট জেলার ১৩টি উপজেলায় বিনিয়োগের সম্ভাবনাময় খাতসমূহ সংক্রান্ত গবেষণাপত্র; সিলেটের অর্থনৈতিক উন্নয়নে চেম্বারের পক্ষ থেকে ১৬টি প্রস্তাব লিখিতভাবে পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
প্রস্তাবনার মধ্যে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশনে ইন্টার কন্টেইনার ডিপো (আইসিডি) স্থাপন, ইসলামপুরে অবস্থিত বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সিলেট টেক্সটাইল মিলের জমি প্লট আকারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের বরাদ্দ প্রদান, সিলেট থেকে যুক্তরাজ্য ও ইউরোপে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের কথা তুলে ধরা হয়।
এছাড়া সিলেট-চট্টগ্রাম হাইওয়ে ৬ লেনে উন্নীত, সিলেটে এনআরবি ইকোনমিক জোন প্রতিষ্ঠা, পর্যটন খাতের বিকাশ ঘটাতে সিলেট পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে নতুন একটি বিসিক শিল্প নগরী স্থাপন, ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে ইমিগ্রেশন চালু, সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালুর প্রস্তাব তুলে ধরা হয়েছে।
সিলেট চেম্বারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিনতি দেবীর সঞ্চালনায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ও এফবিসিসিআইর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ এবং পরিচালক ও সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব বক্তব্য দেন।
