১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড়, চাপ বেশি লঞ্চে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৫টি ফেরি আছে।

পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড়, চাপ বেশি লঞ্চে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে লঞ্চে উঠতে যাত্রীদের ভিড়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 12:39 AM

Updated : 09 Apr 2024, 12:39 AM

ঈদের তিন দিন আগে থেকে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। সোমবার সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে ঘাটে।

তবে বেশিরভাগ যাত্রী লোকাল গাড়ি করে ঘাটে এসে লঞ্চে পার হচ্ছেন। লঞ্চ না পেয়ে অনেককে ফেরিতে পদ্মা ও যমুনা নদী পার হতে দেখা গেছে। তবে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চে নদী পার হচ্ছেন বেশিরভাগ যাত্রী।

এদিকে ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে যাত্রীদের লঞ্চ ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হচ্ছে তাদের।

সোমবার বিকালে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে ফেরি পারাপারে যানবাহনের চেয়ে কাটা লাইনের বাসের যাত্রী বেশি দেখা গেছে। আর পারাপারের যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠে ওপার যাচ্ছে। তবে ভিড় বেশি লঞ্চে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৫টি ফেরি নিযুক্ত আছে। এ ছাড়া পাটুরিয়ায় ২২টি লঞ্চ এবং আরিচা-কাজীরহাট নৌ-পথে পাঁচটি ফেরি ও ১০টি লঞ্চ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘাট এলাকায় এবার তেমন যানজট নেই; তবে লঞ্চ পারাপারে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে অনেককে ফেরিতে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

ঘাটে আসা যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।