২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা বলেছেন রিজওয়ানা হাসান।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতীর রক্ষার চলমান কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কুড়িগ্রাম প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে; আর অক্টোবরের মধ্যে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত নকশার কাজ শেষ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, “২০১৬ সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বাক্ষর হয়েছিল। কিন্তু পরে সেই কাজ বেশিদূর আগায়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকারের কথাবার্তা শুরু হয়েছে।

“আগামী অক্টোবরের মধ্যে আমাদের পক্ষে চূড়ান্ত ডিজাইন শেষ হবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হবে। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।”

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীতীর রক্ষায় চলমান কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “স্থানীয় জনগণ তিস্তা নদীতীরে স্থায়ী বাঁধের দাবি করছেন। একটা দেড় বছরের সরকারের কাছে অল্প সময়ে এতো দাবি করলে আমরা কীভাবে করব।

“তিস্তা আমাদের নদী। ভাটির দেশ হিসাবে তিস্তার ওপর আমাদের অধিকার আছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে তিস্তা সুরক্ষিত রাখতে পারি তার জন্য নদীর পাঁচটি স্থানে গণশুনানি করেছি।”

তিনি বলেন, এর মধ্যে ১৯ দশমিক ৫ কিলোমিটার অতি ভাঙনপ্রবণ এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে সেখানেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে পরিবেশ উপদেষ্টা বেলা ১২টায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে নদী রক্ষার কাজ পরিদর্শনে গেলে তাকে ফুলের চারা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি তিস্তার তীর রক্ষার কাজ (জিও ব্যাগ) পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তাপাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তিস্তা পাড়ে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ উপস্থিত ছিলেন।

বছর শেষে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করবে সরকার

সকালে কুড়িগ্রাম যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের বিষয়। দুই দেশকেই রাজি হতে হবে। গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক, আমাদের পরিকল্পনাটা চূড়ান্ত করেছি। 

“চীনের পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে মাঠ পর্যায়ে পাঁচটি আলোচনা হয়েছে। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞ পর্যায়ের একটি আলোচনা হবে। মাঠ পর্যায়ের যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মন্তব্যকে সামনে নিয়ে আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি।”

তিনি বলেন, বিষয়টি প্রথমে সরকারের পরিকল্পনাতে যাবে। তারপর যাবে ইআরডিতে। এরপর চীন কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটি বিস্তারিত রিপোর্ট করবে। 

তবে সরকার আশা করছে এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। 

এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকীসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।