১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে নিহতের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

“কীভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তাঁর লাশ পাওয়া যায়।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তের ওপারে ভারতে নিহত এক ব্যক্তির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার বিকাল ৫টার সময় সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় এ লাশ হস্তান্তর হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান। 

নিহত মো. বারিকুল (৩৫) দুর্লভপুর ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। গত ৬ ফেব্রুয়ারি তিনি দুর্লভপুর ইউপির ফতেপুরের ওপারে ভারত সীমান্তে তিনি মারা যান।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসাবে উপস্থিত শিবগঞ্জ থানার এসআই মো. হাসান আলী বলেন, হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুদেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও জানান এসআই হাসান আলী। 

পরিবারের অভিযোগের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, বারিকুল পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন।  পরে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, “কীভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তাঁর লাশ পাওয়া যায়।” 

এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।