ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে ১৫ ঘর ভাঙচুর, আহত ২০
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পরমেশ্বরদী গ্রামের মান্নান মোল্যার সঙ্গে ময়েনদিয়া গ্রামের সজিব মোল্যার বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে গোসল করতে গিয়ে মান্নান মোল্যার সমর্থক ইউনুস মোল্যার নাতির সঙ্গে সজিব মোল্যার সমর্থক মোকছেদ মোল্যার নাতির বাগবিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে সকালে সজিব মোল্যার সমর্থকরা মান্নান মোল্যার সমর্থক ইউনুস মোল্যাসহ ১৫ জনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এরপর দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি মাহমুদুল হাসান বলেন, এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
