ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা ও কৃষকের মৃত্যু
মাঠে কাজ করার সময় বিএনপি নেতা এবং গরু আনতে গিয়ে কৃষক মারা যান।
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে স্থানীয় এক বিএনপি নেতা এবং জেলা সদরে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে সদরের ডিগ্রিরচর ইউনিয়নে এবং মধুখালীর আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে মো. লুৎফর রহমান (৪৭) আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অপর নিহত আজাহার শেখ (৪০) ডিগ্রিরচর ইউনিয়নে মাতুব্বরের ডাঙ্গী এলাকার প্রয়াত হাতেম শেখের ছেলে।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দুপুরে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লুৎফরের মৃত্যু হয় বলে জানান তিনি।
মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান।
এদিকে দুপুরে সদর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নে বজ্রপাতে কৃষক আজাহার শেখ মারা যান।
পুলিশ ও স্বজনরা জানান, হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশে মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আজহার।
