২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে অফিসার্স সমিতির মানববন্ধন, নিরাপদ কর্মপরিবেশের দাবি

“আমরা কারো কাছে জিম্মি নই। আমরা এখানে চাকরি করতে এসেছি, কারো দ্বারা বঞ্চিত হতে আসিনি।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

কর্মকর্তাদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। এ সময় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণাও দেয় সংগঠনটি।

সংগঠনের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে একটি মহল বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি কর্মকর্তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং ‘মব’ সৃষ্টি করে হেনস্তা করার ঘটনা ঘটছে।

মানববন্ধনে অফিসার্স সমিতির সদস্য ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, “আমরা কারো কাছে জিম্মি নই। আমরা এখানে চাকরি করতে এসেছি, কারো দ্বারা বঞ্চিত হতে আসিনি। প্রশাসন সঠিক ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে করে তুলব।”

কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার মো. শহীদুল্লাহ বলেন, “আমরা কখনোই কোনো অপরাধীর পক্ষে কথা বলব না এবং আপনারা কেউ কোনো অপরাধীকে সমর্থন করবেন না।

“কিন্তু যারা নিরপরাধ, তাদের আমরা কোনোভাবেই হেনস্তা হতে দেব না। কেউ অপরাধী হলে আইনানুযায়ী প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কোন গোষ্ঠী মব তৈরি করে নিতে পারে না।”

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসার্স সমিতি জানায়, অফিস চলাকালীন এবং অফিস থেকে ফেরার পথে কর্মকর্তাদের ওপর নক্কারজনক হামলা সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের এই ‘নীরবতা’ অরাজকতা সৃষ্টিকারীদের আরও উৎসাহিত করছে। উদ্ভূত পরিস্থিতিতে কর্মকর্তাদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন পর্যন্ত রাবিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপিপন্থী পাঁচ কর্মচারী। এরই পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতদের একটি সংগঠন 'জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি' ও কয়েকজন কর্মচারী আবেদনকারী ওই পাঁচ কর্মচারীর কর্মস্থলে দলবেঁধে উপস্থিত হয়ে হুমকি দেন। এসময় তারা আবেদনকারী এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও গায়ে হাত তোলার অভিযোগও ওঠে।

তবে এই ঘটনা অস্বীকার করে জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি। আবেদনকারীরা স্বাক্ষর জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেন তারা। সেদিনই এখতিয়ার বহির্ভূত ও প্রমাণহীন অভিযোগ উল্লেখ করে উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা।

ভুক্তভোগী হবিবুর রহমান হলের সহকারী কর্মচারী ও আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক মাসু্দুর রহমান, “একদল বহিরাগত আমাকে নিয়োগ বন্ধের আবেদন করায় হুমকি দিয়েছে এবং টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।”

তিনি বলেন, “প্রশাসনের কাছে আমার দাবি, তারা যেন জড়িত সকলের বিচার এবং আমার নিরাপত্তা নিশ্চিত করে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্থানীয় কাটাখালির হরিয়ান এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা নিয়োগ বন্ধ চাওয়া পাঁচ জনের সঙ্গে কথা বলেছি। তারা কেন এই আবেদন করেছেন আমরা তাদের থেকে সেটি জানতে চেয়েছি। তাদের মধ্যে দুজন এ আবেদনে স্বাক্ষর করতে না চাইলেও তাদের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।”

সংগঠনটির শিবির সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ছাত্রশিবিরের সঙ্গে আছি এই অভিযোগটি পুরোপুরি সত্য নয়। ছাত্রদল-শিবির সবার সঙ্গেই আমাদের বন্ধুত্ব আছে।"