২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাটডাউন: ময়মনসিংহ থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ

বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী এনা, সৌখিন ও অন্যান্য পরিবহনের বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2024, 03:27 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ থেকে দূরপাল্লার যানবাহন চলছে না। দু-একটি বাস চললেও আতঙ্কে থাকার কথা বলেছেন পরিবহন চালক ও যাত্রীরা। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী এনা, সৌখিন ও অন্যান্য পরিবহনের বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীরা এসে ঘুরে যাচ্ছেন। 

একটি সৌখিন পরিবহনের বাস ছেড়ে গেলেও ঝুঁকির কথা জানিয়েছেন যাত্রী ও চালকরা। এ ছাড়া নগরীতে যানচলাচলও সীমিত। বন্ধ রয়েছে দোকানপাট। 

মাসকান্দা বাস টার্মিনাল থেকে মাওনা যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী মাইদুল ইসলাম বলেন, “জরুরি কাজে মাওনা যাব, কিন্তু বাস পাচ্ছি না। সকালে একবার এসে ঘুরে গেছি। দুপুরে আবার আসলাম কিন্তু কোনো বাস চলাচল করছে না। 

“আন্দোলন তো বেশ কয়েকদিন ধরে চলছে, সরকারের উচিত মানুষের ভোগান্তি না করে শিক্ষার্থীদের সঙ্গে বসা।” 

নেত্রকোণা থেকে ভেঙে ভেঙে ময়মনসিংহের পাটগুদাম বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছেন রুহুল আমীন। তিনি বলছিলেন, “এসেছি ঢাকা যাব বলে। কিন্তু এখানে এসে দেখি কোনো বাস ছাড়ছে না। সবখানে আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এটির সমাধান না হলে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। 

“রেলপথ, সড়কপথ অবরোধ করে শুধু আমাদের যে ভোগান্তি হচ্ছে তা কিন্তু নয়; দেশ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।” 

সৌখিন পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে দেশের বেশিরভাগ মানুষের সমর্থন রয়েছে। তারা শুধু আন্দোলন করছে না, প্রধানমন্ত্রীর দিকেও থাকিয়ে রয়েছে। আমরা যারা খেটে খাওয়া মানুষ আন্দোলনের কারণে আমাদের অবস্থা খারাপ হচ্ছে। গাড়ির চাকা ঘুরলে আমাদের পেটে ভাত ঢুকে; আজকে এক টাকাও ইনকাম হয়নি। তাহলে কিভাবে চাল ডাল কিনব বলেন?” 

আরেক চালক হাবিবুর রহমান বলেন, “না পেরে ঝুঁকি নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশে ছাড়লাম। শুনেছি চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছে; তারপরেও দেখি কী হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের কারও ভাইবোন এবং কারোবা সন্তান। ইচ্ছা করলেই সরকার তাদের দিকটা বিবেচনা করতে পারে। তবে শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন ভাঙচুর চালিয়ে দেশের ক্ষতি না করে।” 

অপরদিকে ময়মনসিংহ হতে সকাল থেকে বিভিন্ন পথে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে শিক্ষার্থীরা ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি অবরোধ করে। এতে রেলপথেও ভোগান্তি বেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, “সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের দিকে স্টেশন সংলগ্ন বলাশপুর এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনটি শিক্ষার্থীরা অবরোধ করলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়।” 

এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি ময়মনসিংহে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে মাঠে রয়েছে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।