Published : 27 Jan 2026, 06:01 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন তাই দুপুরের খাবার সেরেই ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে অবস্থান নিয়েছেন গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার বিএনপির কর্মী মাসুদ রানা। কারণ যাতে কাছ থেকে ‘নেতাকে’ দেখতে পারেন।
তিনি বলেন, “কপাল ভালো যে মাঠে সামনের সারিতে বসতে পেরেছি। প্রায় ২০ বছর পর তারেক দিয়া গাজীপুরে সন্ধ্যায় আসছেন, তাকে সামনে থেকে ভালোমতো দেখতেই আগেভাগে মাঠে চলে এসেছি।
“হালকা নাশতা নিয়ে চেয়ার পেতে বসছি। আর উঠছি না। কারণ একবার সিট হারালে আর সেখানে বসতে পারবো না।”
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান এই মাঠে জনসভা করার কথা কিন্তু দুপুর থেকেই মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এতে বিকালের মধ্যেই মাঠ পরিপূর্ণ হয়ে পড়ে মাঠটি।
মাসুদ রানার মতো মাঠে উপস্থিতদের অনেকেই জানিয়েছেন, ভিড়ের মধ্যে যদি পরে মাঠের ভেতরে ঢুকতে না পারেন এবং সামনে থেকে ভালোভাবে দেখতে না পারেন তাই আগে গিয়ে চেয়ারে অবস্থান নিয়েছেন।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
“এদিন তারেক রহমান প্রথমে ময়মনসিংহ যাবেন। এরপর গাজীপুরের কর্মসূচিতে যোগদান করবেন। তার আগমনকে ঘিরে গাজীপুরের নেতা কর্মীদের মধ্যে উৎসব উদযাপনা বিরাজ করছে।”

ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন।
ওই প্রতিনিধি সভায় সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া । তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ছিলেন ওই প্রতিনিধি সভার সমন্বয়কারী।
এদিকে ময়দান এলাকায় মঙ্গলবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েকবার মেশিন দিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।