২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা, আসামি ৮০

ওসি মোকছেদুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় এর মধ্যে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা, আসামি ৮০
মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহতদের দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিন জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে নিহত দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার অলিলের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান। 

এর আগে শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন তিন জন। 

তারা হলেন, খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল) এবং মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (৩৫)। পলাশ সরদার সম্পর্কে সাইফুল সরদারের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদে অবৈধ বালুর কারবার ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোল্লার সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই আতাউর সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাদের প্রাণ যায়।

এতে আহত হন অন্তত আটজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদারের মৃত্যু হয়।

সংঘর্ষের সময়েই নিহতদের বাড়ির বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ওসি মোকছেদুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় এর মধ্যে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। 

নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। 

পুরানো খবর

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ: আরেক ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২ ভাই