২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২ ভাই

পুলিশ জানায়, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২ ভাই
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

মাদারীপুরের সদর উপজেলায় অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আটজন। 

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান। 

নিহতরা হলেন- ওই ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫)। 

পুলিশ জানায়, আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোল্লার সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার শাহজাহান মোল্লা ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। 

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহতদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহতদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। এদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

অতিরিক্ত পুলিশ সুপার চাতক বলেন, এ ঘটনায় নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। 

তিনি বলেন, “এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।