মানিকগঞ্জে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
পুলিশ জানায়, কভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম জানান।
নিহতরা হলেন- উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর এবং ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ইব্রাহীম বলেন, সকালে মহাদেবপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কভার্ড ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই নিহত হন।
“আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
