১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা আদালতে বাদীকে পেটাল ‘আসামিরা’, আটক ২

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীরা তাকে মারধর করেছে বলে ভাষ্য পুলিশের।

কুমিল্লা আদালতে বাদীকে পেটাল ‘আসামিরা’, আটক ২
কুমিল্লা আদালতে প্রতিপক্ষের মারপিটে আহত বাদীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

কুমিল্লার আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালতের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার এসআই সালাহ উদ্দিন।

আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আটকরা হলেন- একই এলাকার মতিন মিয়া (৪৮) এবং সাদ্দাম হোসেন (২৯)।

আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা বলেন, “১৫ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে ভাইয়ের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের নামে মামলা করেন সুমন।

কুমিল্লা আদালতের সামনে মারপিটের সময় তোলা ছবি।

কুমিল্লা আদালতের সামনে মারপিটের সময় তোলা ছবি।

“পরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে আবার মারপিট করে আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবার থানায় অভিযোগ করেন। এসব মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ নিতে যান। এ সময় আদালতে সুমনকে একা পেয়ে আসামিরা বেধড়ক পেটান।”

তিনি বলেন, আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দেয়।

এসআই  সালাহ উদ্দিন বলেন, আদালতে জনতার হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে সুমনকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া বলেন, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে নেওয়া হয়েছে। 

কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ বলেন, “এ ঘটনায় বাদী চাইলে আলাদা মামলা করতে পারেন। যারা সুমনকে মেরেছে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”