২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘ভুয়া চিকিৎসককে’ ১ লাখ টাকা জরিমানা

ওই ব্যক্তির দোকান থেকে ৫০ কার্টন ওষুধ জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 12:02 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

জামালপুর সদর উপজেলার এক ‘ভুয়া চিকিৎসককে’ এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার জিগাতলা মুন্সিবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে জরিমানা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ।

দণ্ড পাওয়া মো. মোজাফফর মুন্সি (৫৭) ওই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার সরকার সাংবাদিকদের জানান, মোজাফফর মুন্সি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। 

তিনি বাড়িতে ফার্মেসি খুলে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করতেন; যার কোনো অনুমোদন ছিল না বলে জানান তিনি।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মোজাফফরকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তার দোকান থেকে ৫০ কার্টন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

মোজাফফর একজন সবজি বিক্রেতা হলেও তিনি বই পড়ে সাত থেকে আট বছর ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।