ঈদে বন্ধুদের সঙ্গে ভ্যানে ঘুরতে বেরিয়ে বাইকের ধাক্কায় কিশোরের মৃত্যু
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে শাহাদাতের মাথা ফেটে যায়।
মাদারীপুরের শিবচর উপজেলায় ঈদে বন্ধুদের সঙ্গে ভ্যানে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কুতুবপুরে এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত মো. শাহাদাত খলিফা (১৫) উপজেলা দ্বিতীয়খন্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে দ্বিতীয়খন্ড নুর-ই-আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভ্যানে করে ঘুরতে বের হয় শাহাদাত। বেলা সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি মোটরসাইকেল তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে শাহাদাতের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
