২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার ২০ বছর পর সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

মামলায় বলা হয়, অছির তার স্ত্রীকে ধর্মীয় সভার কথা বলে নিয়ে যান; পরদিন একটি ধানক্ষেতে লাশ পাওয়া যায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 12:10 AM

Updated : 11 Aug 2023, 12:10 AM

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যার ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রফিকুল ইসলাম জানান।

সাজাপ্রাপ্ত অছির উদ্দিন (৫৯) ওই এলাকার বাসিন্দা।

মামলার নথির বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রীকে পাশের গ্রামের ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। পরের দিন সকালে মোলামগাড়ী এলাকার একটি ধান ক্ষেত থেকে অছিরের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে দিনই নিহতের চাচা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তখন থেকেই অছির পলাতক ছিলেন বলে র‌্যাব কর্মকর্তার দাবি।

এদিকে, পলাতক অছির উদ্দিনকে গত ৩১ জুলাই যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে জয়পুরহাটের দ্বিতীয় দায়রা জজ আদালত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক আরও বলেন, অছিরকে গ্রেপ্তারের পর বিকালে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।