২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের হকার্স মার্কেটে পুড়ে গেছে ৭ দোকান

গত পাঁচ বছরে এই মার্কেটে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

ময়মনসিংহের হকার্স মার্কেটে পুড়ে গেছে ৭ দোকান

ময়মনসিংহের গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে আগুন দেড় ঘণ্টা চেষ্টায় নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 04:17 PM

Updated : 22 Oct 2022, 04:17 PM

ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের তৎপরতা ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোতালেব জানান, এই মার্কেটে ১৩৮টি দোকান রয়েছে। এ নিয়ে গত পাঁচ বছরে মার্কেটে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

তিনি বলেন, “২০১৮ সালের ৭ জুন সবকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন আমরা ব্যবসায়ীরা সবাই ঈদের মার্কেট ধরার জন্য ধারদেনা করে দোকানে মাল তুলে ছিলাম। সেই লোকসান এখনো কাটিয়ে উঠতে পারেনি।

“প্রতিটা রাতদিন আতংকের মধ্যে কাটাতে হয়। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা একটি সাব-মার্সিবল বসাই। আজকে (শনিবার) সেই সাব-মার্সিবলের পানি ব্যবহার করে পুরো মার্কেটকে রক্ষা করতে পেরেছি। মার্কেটের সাতটি দোকানের ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীদের কম করে হলেও ৫০ লক্ষ টাকার মাল পুড়েছে।”

তিনি জানান, কিছুদিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনায় হকার্স মার্কেটের সামনের সাইকেলের দোকান সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। তবে অন্য দোকানের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পোহাতে হয়েছে পানি সংকট ও রাস্তা সরু থাকার কারণে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, আটটার কিছু সময় পর আগুন লাগলেও আমরা সাড়ে আটটার দিকে খবর পাই। আটটা ৫০ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে নয়টা বাজে। নগরীর রাস্তা সরু এবং পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে।

আগুনে সব হারিয়ে বিলাপ করে কাঁদতে দেখা যায় বুলবুল মেলার প্রোপাইটর মো. খায়রুল ইসলামকে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেল। এখন আমাকে কে দেখবে। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারছি না।”

তিনি বলেন,  “২০১৮ সালে ঈদের আগে বন্ধুর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়ে দোকানে মাল তুলেছিলাম। এরপর আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। এর মধ্যে ছয় লাখ টাকা পরিশোধ করেছি। বাকি টাকা এখনো দিতে পারিনি।

“এবার শীতকে সামনে রেখে দোকানে উন্নত মানের জুতা তুলেছিলাম। ১৮ লাখ টাকার মালামালসহ দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি এখন কি করব কার কাছে যাব ভেবে পাচ্ছি না “

ক্ষতিগ্রস্ত আরেক দোকান মহসিন টেইলার্সের পাপ্পু হোসেন রকি বলেন, “আমাদের টেইলার্সের গোডাউনে মেশিনসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে। একটার পর একটা দুর্ঘটনায় নিঃস্ব হয়ে গেলাম। কোন পরীক্ষায় মাবুদ ফেলছে তা জানি না।”

৯৩/৮৭ দোকানের মালিক জোবায়ের হোসেন বলেন, “সকালে দারোয়ানের ফোন পেয়ে আমরা দুই ভাই দ্রুত চলে আসি। এসে দেখি আগুন জ্বলছে। পরে সাব-মার্সিবল চালু করে আমরাই আগুন নেভাতে শুরু করি। পরে ফায়ার সার্ভিস আসলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। কেন যেনো বার বার আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছি বলতে পারছি না।”

ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন,  “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো নিশ্চিত না। আমরা সেগুলো অনুসন্ধান করছি।”