পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১
বিষ্ণুমূর্তিটির ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩ দশমিক ৫ ইঞ্চি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আবু বক্কর ছিদ্দিক (৩৫) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২) নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর-সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠানে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে।
বিষ্ণুমূর্তিটির ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩ দশমিক ৫ ইঞ্চি। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
