১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পাবনায় জালসায় গিয়ে নিখোঁজ শিশুকন্যার লাশ উদ্ধার

দুপুরে পৈলানপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 12:12 AM

Updated : 26 Aug 2026, 11:07 AM

পাবনার চাটমোহর উপজেলায় জালসায় গিয়ে নিখোঁজ এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার পৈলানপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান। 

নিহত কল্পনা খাতুন (৯) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

স্বজনদের বরাতে পুলিশ জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামি জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। 

সকালে পৈলানপুর মাঠে একটি লিচু বাগানে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

ওসি মনজুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”