২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের ছাত্রদল কর্মীর মৃত্যু

ছাত্রদল কর্মীর মৃত্যুতে তার স্বজনরা মামলা করবেন বলে জানান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ বরিশালের হিজলার ছাত্রদল কর্মী মো. রিয়াজ মারা গেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে রিয়াজের মৃত্যু হয় বলে তার ভাই ও বাবা জানিয়েছেন। 

নিহত রিয়াজ (২৩) বরিশালের হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা, ঢাকার সাভারের ব্যবসায়ী মাহমুদুল হক রাঢ়ীর ছেলে। 

রিয়াজ বরিশালের মুলাদী সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। 

মাহমুদুল হক রাঢ়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলে রিয়াজ ঢাকার ঝিগাতলা এলাকায় তার ভায়রার বাসায় থাকত। গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে ঝিগাতলা এলাকায় অবস্থান করেন তিনি। 

তখন পুলিশের গুলি তার মাথায় বিদ্ধ হয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে অন্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান রিয়াজের ভাই রেজাউল করিম।

তিনি বলেন, “ভাইয়ের লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। রাত ১০টায় কাইছমা বাজারে রিয়াজের জানাজা হবে। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।” 

তারা জানান, এ ঘটনায় মামলা করা হবে। 

হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার বলেন, “রিয়াজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।“  

এদিকে, রোববার দুপুরে হিজলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডের নাম ‘শহীদ রিয়াজ’ নামকরণ করে একটি ব্যানার টানিয়েছেন।