নির্বাচন দেরি হলে গণতন্ত্র সংকটের মধ্যে পড়বে: আসাদুজ্জামান রিপন
১৭ বছর পর টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়।
জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
তিনি বলেছেন, “নির্বাচন যদি বিলম্বিত হয়, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হবে। কোনো কোনো রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। নারী আসনে সরাসরি ভোটের কথা বলছেন।
“তারা পুরো পরিস্থিতি হ-য-ব-র-ল করার তালে আছে। তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে । কারণ, অনেক রাজনৈতিক দলের ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার লোকও নেই।”
সোমবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ বছর পর এই সম্মেলন হয়।
সম্মেলনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাজসাজ রব বিরাজ করছিল। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয় তোরণ। বৃষ্টি উপেক্ষা করে উৎসবের আমেজে হাজার-হাজার নেতাকর্মী এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশন করা হয়।
পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাহউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান নাসির, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক সুশান্ত সরকার, সদস্যসচিব এমদাদ মোল্লা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ সালাহউদ্দিন আহম্মেদকে সভাপতি এবং মনিরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া এমদাদ হোসেন মোল্লাকে সভাপতি এবং জিহাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের টুঙ্গিপাড়া পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
