মার্কিন রাষ্ট্রদূতের পক্ষপাতের অভিযোগ জাবি শিক্ষক পরিষদের
বিবৃতিতে ‘মায়ের কান্নার’ স্মারকলিপি গ্রহণ না করায় পিটার হাসের আচরণকে ‘অদায়িত্বসূলভ’, ‘অপেশাদারী’ এবং ‘অংশত অমানবিক’ বলা হয়।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে 'পক্ষপাতদুষ্ট আচরণের' অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ'।
শুক্রবার রাতে পরিষদের সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বাংলাদেশে নিযুক্ত সকল রাষ্ট্রদূতের নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ আশা করে বিবৃতিতে বলা হয়, "এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ ও একপাক্ষিক কর্মকাণ্ড অশোভন, গর্হিত ও শিষ্টাচারবহির্ভূত বলে বিবেচনা করা হয়। কিন্তু, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্দিষ্ট একটি দলের পক্ষ অবলম্বন করে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং সে লক্ষ্যে নানা সময় বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন।"
বিবৃতিতে বলা হয়, গত বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূত বিএনপির নিখোঁজ সাবেক এক নেতার বাসায় গিয়ে বিশেষ আলোচনা করেছেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে তিনি মানবাধিকারের দোহাই দিয়ে নিখোঁজ ব্যক্তির পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় অংশ নিলেও সমারিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে সহস্রাধিক গুম হওয়া সরকারি কর্মকর্তার স্বজনদের কথায় কর্ণপাত করেননি।
“এমনকি ওই সকল স্বজনহারা ব্যক্তিদের উদ্যোগে গঠিত ‘মায়ের কান্না’ নামের সংগঠনের নেতা-কর্মীদের দেওয়া স্মারকলিপিও গ্রহণ করেননি মার্কিন রাষ্ট্রদূত।"
স্মারকলিপি গ্রহণ না করায় পিটার হাসের আচরণকে ‘অদায়িত্বসূলভ’, ‘অপেশাদারী’ এবং ‘অংশত অমানবিক’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য মার্কিন রাষ্ট্রদূত এসব কাজ করছেন বলে বিবৃতিতে দাবি করা হয়।
এভাবে ‘অসৌজন্যমূলক’ এবং ‘পক্ষপাতমূলক’ আচরণের মাধ্যমে তিনি তার কূটনৈতিক দায়িত্ব পালন করছেন উল্লেখ করে বলা হয়, “সংবাদ পত্রের মারফতে আমরা জানতে পারি যে মায়ের কান্না নামের সংগঠনের নেতা-কর্মীদের কথা না শুনে ও তাদের স্মারকলিপি গ্রহণ না করে মার্কিন রাষ্ট্রদূত স্থান ত্যাগ করেন, যা মার্কিন রাষ্ট্রদূতের দ্বৈত আচরণের বহিঃপ্রকাশ।”
মুখে মানবাধিকারের কথা বললেও আদতে তিনি মানবাধিকার হরণের পন্থায় হাঁটছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বাংলাদেশের জনগণ কোন রাষ্ট্রদূতের কাছে এমন ‘পাক্ষপাতদুষ্ট’ আচরণ আশা করে না বলেও পরিষদের বিবৃতিতে বলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের সচেতন জনগণ হতাশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতেরাও নানা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কথা বলছেন যা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও স্বাধীন দেশের জনগণের জন্য অসম্মানজনক।
বাংলাদেশে নিযুক্ত সকল রাষ্ট্রদূতের কাছে থেকে অধিকতর দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ কামনা করে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন ও ‘গুম’ হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়কারী আফরোজা ইসলাম আঁখির বাসায় গিয়ে গত বুধবার ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের নেতাদের তোপের মুখে পড়েন পিটার হাস।
বুধবার সকালে তেজগাঁওয়ের শাহীনবাগের ওই বাড়িতে রাষ্ট্রদূত গেলে সেখানে তাকে ঘিরে ধরে স্মারকলিপি হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন ‘মায়ের কান্নার’ কর্মীরা। তখন তড়িঘড়ি করে পিটার হাস গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে হত্যাকাণ্ডের শিকার সামরিক বাহিনীর সদস্যদের স্বজনদের সংগঠন এই ‘মায়ের কান্না’।
আরও পড়ুন:
নিখোঁজ বিএনপি নেতার বাসা থেকে তড়িঘড়ি ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত
