ফরিদপুরে মাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন
২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মাদক সেবনের জন্য টাকা না পেয়ে আক্কাস তার মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন বলে জানান এপিপি।
ফরিদপুর সদরে মাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) নবাব আলী মৃধা জানান।
দণ্ড পাওয়া আক্কাস শেখ (৩০) সদর উপজেলার উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে।
মামলার বরাতে এপিপি নবাব আলী বলেন, “আক্কাস দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। নিজে কোনো কাজকর্ম করতেন না। মাদক কেনার জন্য বাবা-মার কাছ থেকে টাকা নিতেন।
“টাকা না পেলে তাদের মারপিট করতেন। মাদক সেবনের দায়ে কয়েকবার জেলেও গেছেন আক্কাস। পরে জামিনে বেরিয়ে ফের টাকার জন্য বাবা-মাকে চাপ দিতেন।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে প্রথমে আমেনাকে কাঠের বাতা দিয়ে মাথায় এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করেন।”
প্রতিবেশীরা আমেনাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান নবাব আলী।
ঘটনার পরদিন আক্কাসের বাবা মোজাহার বাদী হয়ে সদর থানায় মামলা করেন বলে এপিপি জানান।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
